মশিউরের খেরোখাতা

সিঙ্গাপুরের ডাইরি (২০২২)

তারিখ: **২২ অক্টোবর ২০২২ **

সিঙ্গাপুরের অর্চাড এলাকায় একটা কাজে গিয়েছিলাম, সাথে নিয়ে গিয়েছিলাম আমার ক্যামেরাটা। অনেকদিন পরে #ফটোগ্রাফি নেশাটা চেপে বসলো। ব্যস্ত নগরীর পথেই চোখে পড়লো আইসক্রিমওয়ালা, সিঙ্গাপুরে এদের বলে "আইসক্রিম আঙ্কেল"। গরমের মধ্যে পথিকদের একফোটা ঠান্ডা শীতলের পরশ দিবে এরা। মনে পড়ে গেল- বাংলাদেশে কুলফি বিক্রেতার কথা।

আমি বড় হয়েছি, মোহাম্মদপুরে। টাউনহল বাজারে গেলেই কুলফি খাবার সুযোগ হোত। আর অলস দুপুরে রাস্তায় আইসক্রিমওয়ালারা যখন টুংটাং ঘন্টা বাজাতে বাজাতে যেত, সেই শব্দে আমরা শিশু কিশোররা দৌড়ে যেয়ে ভীড় করতাম। ছেলেবেলায় সেই শব্দটাই ছিল আমাদের সুখের উৎস। কুলফিতে নারকেলের কনাগুলি মুখে পড়তেই- কি যে সুখ পেতাম!

সোনালী দিনগুলি স্মৃতিতেই থাক। ফিরে আসা যাক সিঙ্গাপুরের গল্পে।

সিঙ্গাপুরের এই আইসক্রিমগুলি অদ্ভূতভাবে বিক্রি হয়। পাওরুটি কিংবা ওয়েফার (বিস্কুট) এর মধ্যে আইসক্রিম দিয়ে বিক্রি করে। স্থানীয় ভাবে বলে "আইসক্রিম স্যান্ডউইচ"। আইসক্রিমগুলির স্বাদগুলি সাধারণত হয়, কফি, নারকেল, রাসবেরি, কিংবা স্থানীয় ফল ডোরিয়ান। কিন্তু সবথেকে অবাক হয়েছি ভুট্টার স্বাদের। ডোরিয়ান যদিও এই এলাকার বিখ্যাত ফল, তাই সেটা স্বাভাবিক ভাবেই ধরেছি। কিন্তু ভুট্টা! - এই জিনিসটা যে আইসক্রিমের মধ্যে থাকতে পারে তা কখনই ভাবতে পারিনি। তবে স্বাদ কিন্তু খুব অতুলনীয়।

সিঙ্গাপুরে আসলে অবশ্যই এই আইসক্রিম আঙ্কেলদের কাছ থেকে আইসক্রিম স্যান্ডউইচ খেতে ভুলবেন না কিন্তু।