জীবনের লক্ষ্য হল সুখি হওয়া
সময় পেলেই Tedxএর ভিডিওগুলি দেখার চেষ্টা করি। হটাত করেই এই ভিডিওটি দেখে সত্যিই খুব হোচট খেলাম। https://www.youtube.com/watch?v=21j\_OCNLuYg
মনে পড়ে গেল ইরাম ভাইয়ের কথা। ইরাম ভাই সমন্ধে একটু না বললেই নয়। জাপানে একসাথে একই হোস্টেলে আমরা ছিলাম, সেখানেই তার সাথে সখ্যতা গড়ে উঠে। আমার থেকে ২ বছরের সিনিয়র। তথ্যপ্রযুক্তির হাতেখড়ি ইরাম ভাইয়ের হাত ধরে। সবাই যখন ছুটির দিনে হৈহুল্লোড় করে বেড়িয়েছে, আমরা তখন রাত জেগে কোডিং করতে ব্যস্ত ছিলাম। ইউনিক্স ও সার্ভারের ব্যাপারগুলি তার কাছ থেকেই আমি রপ্ত করি। (এই জন্য ইরাম ভাইয়ের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই)
সেই ইরাম ভাই ভার্সিটি পাস করে ফুজিত্সু নামে একটি জাপানিজ প্রতিষ্ঠানে ইন্ঞিনিয়ার হিসাবে যোগদান করেন। আমি চলে যাই পিএইচডি করতে, তারপরে আমেরিকাতে। তারপরে দীর্ঘদিন দেখা হয়নি।
দুবছরে আগে হটা্ত করেই ইরাম ভাইয়ের সাথে কথা হল। জাপানে সফল জীবন পার করে তিনি সব কিছু ছেড়ে ছুড়ে ফিরে গেছেন বাংলাদেশে তার গ্রামে, সৈয়দপুরে।
জিজ্ঞাস করলাম, কি করছেন? বললেন, জাপান থেকে সৈয়দপুরে ফিরে বাগান করছেন।
তিনি নতুন কোন সবজী লাগিয়েছেন, সেগুলি খেয়ে তার কত্ত ভাল লাগছে ইত্যাদি ইত্যাদি। তার স্বরে মনে হল, নতুন বাগান করার মধ্যে তিনি এক অদ্ভূত স্বগীয় সুখ খুঁজে পেয়েছেন। এর পরে মাঝে মধ্যেই তার বাগানের গল্প শুনি।
আমাদের সবার চোখে তা পাগলামি লাগবে বৈ কি। কিন্তু আজকে এই থাইল্যান্ডের জান্দায় এর কথায় কেন জানিনা ইরাম ভাইয়ের সুর ভেসে এল।
অনেকটা একই রকম অভিজ্ঞতা সম্ভবত বৈজ্ঞানিক @[625695714:2048:Abed Chaudhury] ভাইয়ের। অষ্ট্রেলিয়ায় তার সফল বৈজ্ঞানিক ক্যারিয়ার ছেড়ে দিয়ে বাংলাদেশে ফিরে গেছেন। কানাইঘাটে চাষাবাস করছেন।
এই মানুষগুলি আমাদের চোখে পাগল ধরনের মনে হলেও তারা কিন্তু জীবনটাকে সহজ ভাবেই দেখার চেষ্টা করেছেন। জীবনের লক্ষ্য কখনই গাড়ি, বাড়ি কিংবা পার্থিব জীনিস হতে পারেনা। জান্দায় এর সাথে সুর মিলিয়ে আমিও বলছি- "জীবনের লক্ষ্য হল সুখি হওয়া"।
ব্যাপারটি খুব একটা কঠিন ও জটিল নয়। কিন্তু আমরাই সেটিকে জটিল করে ফেলি।
কিছুদিন আগে দেখি আমার এক ভাগ্নি, উলের বল নিয়ে খেলতে যেয়ে সব উল বের করে গিট পাকিয়ে বসে আছে। খুব হুড়োহুড়ি করে তাড়াতাড়ি খোলার চেষ্টা করছে কিন্তু কোন ভাবেই খুলতে পারছেনা। আমি তাকে উঠিয়ে নিয়ে এসে, দূর থেকে তাকিয়ে সমাধান করতে বল্লাম। যখন সে আস্তে আস্তে চেষ্টা করল, তখন সে সহজেই খুলতে পারল।
আমি তাকে বললাম, অনেক সময়ে ধীরে সুস্থে করলেই সমাধান হয়। সেখানে তাড়াহুড়ো করা চলেনা।
কেন জানিনা, জীবনের ব্যাপারে আমরাও তেমন গিট্টু লাগিয়ে বসে থাকি। কিন্তু একটু সময় নিয়ে লক্ষ্য করলে দেখব, ব্যাপারটি তেমন হয়তো জটিল নয়। জীবন আসলেই সহজ। আমরাই একে গিট পাকিয়ে জটিল করে ফেলছি।
১৮ জানুয়ারী ২০১৭