পাসওয়ার্ড কি একদিন নাই হয়ে যাবে?
ওয়েবসাইট ও ইন্টারনেটের স্ট্যান্ডার্ড তৈরী করার জন্য কাজ করে ওয়াল্ড ওয়াইড ওয়েব কনসোর্টিয়াম যেটি W3C নামে পরিচিত। এই প্রতিষ্টানটি ভবিষ্যতে কি ধরনের ফ্রেমওয়ার্ক হবে তার ব্যাপারে দিকনির্দেশনা দেয়। ব্যাপারটি খুবই কারিগরি এবং সাধারন ব্যবহারকারীরা এইসব আলোচনার খুব একটা খবর রাখেননা। তবে এই কনসোর্টিয়ামে কাজ করে বিশ্বের বাঘা বাঘা ইঞ্জিনিয়াররা। তাদের অক্লান্ত পরিশ্রমের কারণেই ইন্টারনেটের ব্যবহার আরো সমৃদ্ধ হচ্ছে। তারা কি স্ট্যান্ডার্ড ও ফ্রেমওয়ার্ক নিয়ে কাজ করছে, তার খবর নিয়মিত রাখার চেষ্টা করি। এই কনসোর্টিয়ামের কমিটির সমস্ত আলোচনা অনলাইনে থাকে। জনগণের মতামত নিয়েই তারা কাজ করে। সময় পেলে এই কমিটির আলোচনাগুলি আমি রিভিও করি। স্ট্যান্ডার্ড জানার থেকেও এই বিখ্যাত প্রযুক্তিবিদরা কিভাবে কাজ করে, তাদের দৃষ্টিভঙ্গি কিরকম তা জানার জন্যেই আগ্রহটি বেশী। তবে তারা এখন এমন একটি বিষয় নিয়ে কাজ করছে যা খুবই মজার, এবং আমার মনে হয়েছে সাধারণব্যবহারকারী জানার প্রয়োজন রয়েছে। আমরা অনলাইনের বিভিন্ন ব্যক্তিগত প্লাটফর্মগুলি একসেস করার জন্য আমরা নিয়মতি পাসওয়ার্ড ব্যবহার করি। যেমন নিজের ফেসবুক কিংবা ইমেইলে লগইন করার জন্য আমরা পাসওয়ার্ড ব্যবহার করি। কিন্তু এই পাসওয়ার্ড ব্যবহার অনেকখানিই নিরাপত্তার ঝুকিতে আছে। প্রযুক্তিবিদরা অনেক কসরত করেও একটি খুবই নিরপদ হবে, তেমন কোন পদ্ধতি আপাতত আমাদের দিতে পারেননি। আপাতত মাল্টিঅথেনডিকেশন বা অনেকগুলি মাধ্যমে পাসওয়ার্ড ব্যবহারের পদ্ধতি বেশী পরিচিত। এই পদ্ধতিতে আপনাকে আপনার জানা গোপন পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে, এরপরে ধাপে আরেকটি গোপন পিন আপনার মোবাইলে বা মোবাইলের এপসে পাঠিয়ে দিবে, দ্বিতীয় পিন দেবার পরে আপনি লগইন করতে পারবেন। কয়েকটি ধাপে, এবং মোবাইলে পাঠান পিন ব্যবহারকারী ছাড়া অন্যকেউ জানতে পারবেনা বলে আপাতত কিছুটা নিরাপদ। গুগলের জিমেইলে এই পদ্ধতি বর্তমানে প্রচলিত আছে। বর্তমানে W3C কনসোর্টিয়ামের প্রযুক্তিবিদরা কাজ করছেন কিভাবে এই পাসওয়ার্ড ব্যবহার করা থেকে আমরা একেবারেই মুক্ত হতে পারি কিন্তু নিরাপদ হবে। গত ফেব্রুয়ারী ২০১৬ তে তাদের কাজ শুরু হয়েছে এবং ২০১৭ এর ফেব্রুয়ারীর মধ্যে তারা সিদ্ধান্তে আসবে। এখন পর্যন্ত তারা বিভিন্ন কনসেপ্ট
নিয়ে কাজ করছেন। আশা করছি তারা আমাদের পাসওয়ার্ড ব্যবহারের সমস্যা থেকে উদ্ধার করতে পারবে। একটি ধারণা তাদের আলোচনায় উঠে আসছে, তা হল মোবইল ডিভাইসকেই আমরা ব্যবহার করতে পারি কিনা। বিস্তারিত আর লিখব না, দেখা যাক কিধরনের সমাধান তারা আমাদের দিতে পারে। এই টিমের নেতৃত্ব দিচ্ছেন মোজিলা’র Richard Barnes আর মাইক্রোসফটের Anthony Nadalin। দুজনেই বর্তমান সময়ের খুবই নামকরা প্রযুক্তিবিদ। তাদের আলোচনার বিস্তারিত পাবেন এইখানে: https://www.w3.org/2015/12/web-authentication-charter.html পাসওয়ার্ড কি একদিন নাই হয়ে যাবে?
তারিখ: ৩ মার্চ ২০১৬