মশিউরের খেরোখাতা

mp3 ফাইল কিভাবে কাজ করে?

মশিউর রহমান

আপনারা যারা গান খুব পছন্দ করেন এবং সিডি শুনেন তারা এই ফাইলের নামটি প্রায়ই শুনে থাকবেন। কিংবা বাজারে নতুন কোন ক্যাসেট প্লেয়ার কিনতে গেছেন পাশাপাশি দেখতে পাবেন এই mp3 প্লেয়ার এর কথা।

আসলে সাধারণত সিডি তে যে গান থাকে তাকে সংকোচন করে এই বিশেষ পদ্ধতিতে গানকে কম্পিউটারে সংরক্ষন করে রাখা যায়। এই mp3 ফাইলের মাধ্যমে একটি সাধারণ সিডিতে ২০ টি কিংবা তার থেকেও বেশী সিডি এর গান রাখা সম্ভব। এর পিছনে মূল ভূমিকা রাখছে এই বিশেষ সংকোচন করার পদ্ধতি।

আমরা জানি যে, সিডিতে ডিজিটাল পদ্ধতিতে গান সংরক্ষন করে রাখা হয়। একটি সাধারণ সিডি প্রতি মিনিটে ১০ মেগাবাইটের তথ্য রাখে। অর্থাৎ একটি ৩ মিনিটের গান রাখবার জন্য সিডি মোট ৩০ মেগাবাইট যায়গা নিবে।

MPEG (The Moving Picture Experts Group) বলে বিশেষ সংকোচন পদ্ধতিতে ডিভিডি, HDTV (High Definition television) কিংবা DSS (Distributed Satellite Systems) স্যাটেলাইট সিস্টেম এ ভিডিও সংরক্ষনের জন্য বহুল ভাবে ব্যাবহৃত হয়। এই MPEG এর একটি অংশ শব্দ সংকোচনের জন্য ব্যবহৃত হয় যার নাম MPEG Audio Layer-3, যা আমাদের কাছে mp3 নামে পরিচিত।

কিন্তু এই বিশেষ mp3 ফাইল মূল ফাইলের ১০ থেকে ১২ গুন ছোট আকারে সংকোচন করে রাখতে পারে, অথচ শব্দের গুনাগুন প্রায়ই সিডি এর কাছাকাছি। এই বিশেষ গুনের কারণেই বিশ্বে mp3 এত জনপ্রিয়। প্রথমে যে ৩ মিনিটের গানের কথা বলেছিলাম, সিডি এর ক্ষেত্রে যা ৩০ মেগাবাইটের প্রয়োজন হবে, এই mp3 এর ক্ষেত্রে মাত্র ৩ মেগাবাইটের প্রয়োজন হবে।

সংকোচন করার ফলে গানের গুনাগুন নষ্ট হবে বলে উদ্বিগ্ন হচ্ছেন? আসলে mp3 তে সংকোচন করবার সময় সিডি এর যে অংশগুলি আমরা সাধারণ কানে শুনতে পারিনা, কিংবা যার প্রয়োজন নেই সেই অংশগুলিকে বাদ দেয়া হয়। ফলে প্রায় সিডি এর মত গুনগত মান বজায় থাকে। এই সংকোচন করবার পদ্ধতিকে perceptual noise shaping বলে।

ছোট ফাইল হবার কারনে ইন্টারনেটে খুব সহজে আপনি ডাউনলোড করে গান শুনতে পারবেন। এছাড়া মেইলে আপনার বন্ধুকেও পাঠাতে পারবেন। বাংলা mp3 গানের এর জন্য http://www.webbangladesh.com/mp3/musicmainpage.htm হোমপেজটি জনপ্রিয়। এছাড়া Google.com কিংবা Yahoo.com আরো mp3 গানের হোমপেজ খুঁজে দেখতে পারেন। আর হিন্দি গানের জন্য:

হোমপেজগুলি দেখতে পারেন।

![Figure: MUSICMATCH Jukebox screenshot]

কিভাবে সিডি থেকে mp3 ফাইল করবেন?

বর্তমানে বাজারে অনেক সফট পাওয়া যায় যা দিয়ে আপনি খুব সহজেই সিডি কে mp3 ফাইলে রূপান্তর করতে পারেন। তবে MUSICMATCH Jukebox নামে সফটটি mp3 ব্যবহারকারীদের মধ্যে সবথেকে বেশী আলোচিত হয়েছে। এটি আপনি http://www.musicmatch.com থেকে ফ্রি ডাউনলোড করতে পারবেন।

musicmatch চালু করে আপনি যে সিডিটি রেকর্ড করতে চান তা ঢুকান এবং সফটটির রেকর্ড বোতামটি চাপ দিন। তবে রেকর্ড করবার পূর্বে, কোথায় ফাইল সেইভ করবেন ও কত স্যাম্পলিং এ mp3 ফাইলে রেকর্ড করবেন তা সেট করে নিন। সাধারণত 96 kbps এ রেকর্ড করলে আপনি সিডি এর মতই শব্দ পাবেন এছাড়া ফাইল এর সাইজও বেশ ছোট হবে।

বর্তমানে বাংলাদেশে mp3 গানের বেশ প্রচলন হয়েছে। বিশেষকরে পুরান দিনের অনেক গানই আজকাল আপনি mp3 সিডিতে পাবেন। এই mp3 সিডি এর দাম ৫০ টাকা থেকে ৮০ টাকা এর মধ্যে পাবেন।

mp3 ফাইল শুনতে কোন সফট লাগবে কি?

mp3 ফাইল শুনবার জন্য বিশেষ সফট এর দরকার হবে। এর মধ্যে http://www.winamp.com এর সফটি বেশ বিখ্যাত। এছাড়া যারা উইন্ডোজ ব্যবহার করেন তাদের কম্পিউটারে যে মিডিয়া প্লেয়ার থাকে তা দিয়েও mp3 গান শুনতে পারবেন।

mp3 প্লেয়ার কি?

আপনি ইন্টারনেট থেকে কোন ফাইল ডাউনলোড করে কম্পিউটারে শুনতে পারলেও তা সাধারণ কোন ক্যাসেট কিংবা সিডি তে শুনতে পারবেননা। তার জন্য ছোটআকারের ওয়াকম্যানের মত প্লেয়ার বাজারে এসেছে। কম্পিউটার থেকে সেই mp3 গানগুলি mp3 প্লেয়ারে লোড করে নিতে পারবেন ও অবসরে চলতে ফিরতে শুনতে পারবেন। এছাড়া এর আকার সাধারণ ক্যাসেট কিংবা সিডি ওয়াকম্যান এর থেকে অনেক ছোট আর একটি ব্যাটারিতে অনেকক্ষণ চলে বলে বর্তমানে খুব প্রচলন হয়েছে।

যারা mp3 ফাইলের মাধ্যমে কম্পিউটারে গান সংরক্ষন করেন তাদের জন্য এইরকম একটা ছোট প্লেয়ার খুবই উপকারি। কেননা এতে যতবার ইচ্ছা গান শুনে মুছে ফেলে আবার নতুন গান লোড করে নিতে পারেন।


Okazaki Research Institute, Japan