মশিউরের খেরোখাতা

বাংলাদেশের দূর্যোগের সময়ের সফটওয়্যার - আমরা প্রস্তুত আছি কি?

একটি গবেষনার কাজে জাপানে বেড়াতে এসেছিলাম। এবং এর মধ্যে গত শুক্রবার ১১ মার্চ তারিখে জাপানের সর্ববৃহৎ ভূমিকম্প ও সুনামি এর প্রলয়ংকর দেখলাম। না, আল্লাহর রহমতে আমি ভালো আছি। তবে যে জিনিসটি উপলব্ধি করলাম, তা আপনাদের সাথে শেয়ার করবো। মূলত জাপানের উত্তরাঞ্চলের সাথে সব ধরনের যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে যায়। টেলিফোন কাজ করেনা। আমার পরিচিত অনেকেই সেই জায়গাগুলোতে থাকে। অনেকবার ফোন করি, জাপানি ভাষাতে নোটিসে কথা বাববার শুনে ক্লান্ত হয়ে গেলাম। সেই সময় যোগাযোগ করা সম্ভব হলো ফেসবুকের মাধ্যমে। ফেসবুকে আমার স্ট্যাটাস টিতে জানিয়ে দিলাম আমি নিরাপদে রয়েছি। বাংলাদেশে থেকে অনেকের ম্যাসেজ পেলাম। অনেকদিন ব্যবহার না করলেও meebo বেশ কাজে দিলো। আমার মনে হয় ভবিষ্যতে এই ধরনের দূর্যোগ সময়ে সামাজিক নেটওয়ার্কের সাইটগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তবে সবথেকে বেশি কাজে দিল গুগলের উদ্দ্যোগ। অনেক মানুষ মারা যাচ্ছে, হারিয়ে গিয়েছেন। গুগল তাদের খবর দিয়ে একটি ডাটাবেস তৈরী করে দিল। যা আপনারা একসেস করতে পারবেন। http://japan.person-finder.appspot.com/ এটি মূলত googlepersonfinder নামে একটি প্রোজেক্ট এর প্রয়োগ করেছে মাত্র। মোট ১৩ জন প্রোগ্রামার মিলে এটি তৈরী করেছে। আমার মনে হল বাংলাদেশের জন্য এমন একটি সিস্টেম তৈরি করা যায়। সিস্টেমটি তৈরিই আছে। তা আমাদের প্রয়োজনের জন্য কাস্টোমাইজ করে নিতে হবে। এখানে যেহেতু অনেক প্রোগ্রামার ও উৎসাহী ছেলেমেয়েরা রয়েছে, তাই তাদের কাজে আইডিয়াটি দিলাম। আমি প্রস্তাব করছি বাংলাদেশের জন্য এমন একটি সিস্টেম তৈরী করা হোক। ভবিষ্যতে এইরকম বিপর্যয়ের সময়ে এটি নিশ্চয় আমাদের অনেক কাজে লাগবে। আগ্রহীরা আমার সাথে mashiur.rahman@gmail.com বরাবর যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।

তারিখ: ১৪ মার্চ ২০১১