মশিউরের খেরোখাতা

একুশে বইমেলা নিয়ে ভাবনা

তারিখ: ১৯ জানুয়ারি ২০২৫

সামনে শুরু হতে যাচ্ছে লেখকদের উৎসব - "বইমেলা"। এই বইমেলা নিয়ে আমার ভাবনা গুলি সিরিজে লেখার উদ্যোগ। সেই সিরিজের প্রথম লেখা, "নবীন লেখকদের বই কিনুন"

পুস্তক শিল্প বা প্রকাশনা শিল্প এখনো অনেক প্রাথমিক অবস্থায় রয়েছে, যেমনটি লেখক আহমদ সফা তার বইতে উল্লেখ করেছেন। তিনি বলেছেন, " বাংলাদেশের প্রকাশনা শিল্প এখনো একেবারে প্রাথমিক অবস্থায়। শিল্প সংস্কৃতি সভ্যতাকে প্রবাহমান রাখার জন্য নতুন লেখকদের রচনা প্রকাশিত হওয়া প্রয়োজন।"

আমার মতে, এই শিল্পকে সঠিকভাবে উন্নত করার জন্য আমাদের নতুন লেখক এবং নতুন প্রকাশনা সংস্থাগুলিকে উৎসাহিত করা দরকার, যাতে তাদের নতুন ধারণাগুলি যুক্ত হয় এবং প্রকাশনা শিল্পটি পরিপক্ক হতে পারে। কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে, কেবল জনপ্রিয় লেখক এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার বা প্রভাবশালীরাই এখন সফল লেখক হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছেন। যদিও অধিকাংশ সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার লেখালেখি সাধারণত দুর্বল মানের এবং প্রায়ই তারা ঘোস্ট রাইটারের ওপর নির্ভর করেন। তারা কেবল তাদের খ্যাতি ব্যবহার করছেন।

আমাদের উচিত সেই নতুন লেখকদের উৎসাহিত করা, যারা প্রচুর পরিশ্রম করে বাজারে নতুন বই নিয়ে আসছেন। সেটা হতে পারে কল্পকাহিনি, প্রবন্ধ, কিংবা বিজ্ঞানভিত্তিক লেখা। এ ধরণের নতুন লেখকদের উৎসাহিত করতে আমাদের তাদের বই কিনতে হবে। আমি অনুরোধ করব, নতুন লেখকদের ওপর মনোযোগ দিন, যারা তাদের প্রথম বই প্রকাশ করেছেন। তাদের বই কিনুন এবং তাদের উৎসাহিত করুন। এটি তাদের আত্মবিশ্বাস বাড়াবে এবং আরও বেশি পরিমাণে সৃজনশীল কাজে সম্পৃক্ত হতে অনুপ্রাণিত করবে।

তারা নতুন, তারা এই শিল্পে নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে এনে আরো পরিপক্ক করতে পারে। তাদের বই কেনার মাধ্যমে তারা আপনাদের কাছ থেকে উৎসাহ পাবে এবং ভবিষ্যতে আরও বেশি ভাল কাজ করার অনুপ্রেরণা পাবে। সুতরাং, নতুন লেখকদের প্রতি সমর্থন এবং তাদের বই কেনার এই আহ্বান জানাই।

কি ভুল বললাম নাকি? সহমত হলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না।