জয় হোক মানবতার, জয় হোক সুবুদ্ধির!
তারিখ: ৫ আগষ্ট ২০২৪
馬鹿は死ななきゃ治らない
বাংলাতে আমাদের যেমন বাগধারা রয়েছে, যেগুলি মানুষ তার অভিজ্ঞতার নির্যাস দিয়ে তৈরি করেছে, তেমনই জাপানিজ ভাষাতেও রয়েছে এমনই কিছু চমৎকার বাগধারা যা কোতোয়াজা নামে পরিচিত। এমনই একটি জাপানিজ বাগধারা “বাকা ওয়া শিনানাই তো নাওরানাই” দিয়েই শুরু করছি এই লেখাটি। যার অর্থ হল "A fool won't be cured until they die" একজন বোকার নির্বুদ্ধিতা মারা না গেলে সারে না। এমনই বোকার মতন কাজ করে বসছে আমাদের নেতারা। ক্ষমতার দর্ভে এবং জনবিচ্ছিন্ন হওয়ার কারণেই এমন হচ্ছে। আমাদের দুর্ভাগ্য যে এমনই কলুষিত, দুর্বৃত্ত লোকগুলিকে আমরা শাসন ক্ষমতায় বসিয়েছি। এই ভুল আমরা নিজেরাই করেছি, প্রত্যক্ষ না হলেও পরোক্ষভাবে আমরাও দায়ী।
গতকাল রাতটা কাটিয়েছি নির্ঘুমে। জানি অফিসে যেতে হবে, রুটি রোজগারের জন্য কাজ করতে হবে, কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারছি না। কি উৎকণ্ঠায় কাটিয়েছি তা আমার মতন প্রবাসীরায় জানেন। দেশে আমাদের প্রিয়জন আর একের পরে এক মৃত্যুর সংবাদ আসছে আমাদের ফেসবুকের পোস্টে, হোয়াটস এ্যাপের বিভিন্ন গ্রুপগুলিতে। মা কি ভালো আছে? ভাই কি কিছু কিনতে বাহিরে গেলো? সে নিরাপদে ফিরবে তো? আমার সন্তানরা ভালো আছে তো? এই চিন্তায় কারোই বা ঘুম আসেন বলেন।
উচ্চপদের থাকা এই সব দুর্বৃত্তের নেতৃত্বের ভুলের মাশুল দিচ্ছে আমাদেরই ভাই, বোন ও সন্তানেরা। একটির পরে একটি ঢেউ আসছে, আর ততই যেন ফুলে ফুঁসে উঠছে আমাদের জনগণ। সময়ই বলে দিতে কি হবে, কিন্তু এই ভুলগুলির মাশুল দিল যে সব প্রাণ, তারা কি ফিরে আসবে? তাদের ভাই, বোন, মা কিংবা বাবা-কে কি উত্তর দেব আমরা?
দূর থেকে হলেও এই মাতৃভূমির জন্য সেই প্রাণপ্রিয় মানুষগুলির জন্য দোয়া করি, এই কালো দিনের অবসান হোক। জয় হোক মানবতার, জয় হোক সুবুদ্ধির।