১৫: কেন অনেকের প্রোমশন হয়না? (৫ ডিসেম্বর ২০১৯)
তারিখ: ৫ ডিসেম্বর ২০১৯
(আমি আমার ক্যারিয়ারের বৈজ্ঞানিক থেকে পরবর্তীতে ইন্ডাস্ট্রি বা কর্পোরেটে যোগদান করি। সিঙ্গাপুরে আমার সেই অভিজ্ঞতা সিরিজ আকারে লিখছি এইখানে। ক্যারিয়ার বিষয়ে কোন প্রশ্ন বা পরামর্শ এর প্রয়োজন হলে যোগাযোগ করুন)
আমার এক কলিগ আছেন একদিন অফিসের পরে একটি ক্যাফেতে নিমন্ত্রণ করল। গল্পের খাতিরে তার একটি ছদ্মনাম দিই , মনে করা যাক তার নাম “জন”। যদিও বিদেশে বিশেষ করে সিঙ্গাপুরে সাধারণত অফিসের পরে বার গুলিতেই আড্ডা দেবার প্রবনতাই বেশী, হয়তোবা আমি মুসলমান বলেই জন আমাকে ক্যাফেতেই ডেকেছে। কিংবা হয়তো কোন সিরিয়াস বিষয় নিয়ে কথা বলবে। অফিসের কিছু কাজ সেরে পরে তার ঠিকানা দেয়া ক্যাফেতে গেলাম। দূর থেকেই দেখি আমাকে হাত উচিয়ে ডাকল। মুখোমুখি বসেই বুঝতে পারলাম সে কিছু কথা বলার জন্য উদ়্গ্রীব হয়ে আছে। সে দেখি আগেই বসে বসে বিয়ার খাচ্ছে। তবে মাতাল নয়। যদিও আমার কফি খেতে ইচ্ছে করছিল, কিন্তু তার সাথে মিল রেখে একটি জুসই অর্ডার দিলাম। বাসায় ফিরে গিন্নির সাথে কফি খাওয়া যাবে। কি খবর, জিজ্ঞাস করতেই সে বলল, যে কত দূ:খী। আমি একটু বোঝার চেষ্টা করলাম যে সমস্যাটি কিসের? প্রেম ঘটিত কিছু কি? নাকি জীবনের প্রতি হতাশা? আরো কিছুক্ষণ কথা বলার পরে জানতে পারলাম যে, তার দীর্ঘদিন ধরে প্রোমশন হয়না, একই সেকশনে বছরের পরে বছর সে কাজ করে যাচ্ছে। আমি যেহেতু বিভিন্ন জায়গাতে ক্যারিয়ার কোচিং করাই ও পরামর্শ দিই, তাই সে আমার উপদেশ জানতে চাইছে, এবং সমস্যা কোথায় সেটি জানতে চায়। কিছুদিন আগে অফিসে এইরকম একটি কর্মশালা করেছিলাম। সেখানে তাকে তেমন প্রশ্ন করতে দেখিনি। আমি আমার স্বভাবসুলভ ভাবে, ঠিক তখনই কোন সাজেশন দিলাম না। প্রথমেই চেষ্টা করলাম তার পরিস্থিতিটি বোঝার। আমি তার ব্যাকগ্রাউন্ডগুলি জানার পরে পরের সপ্তাহে হোমওয়ার্ক কর পরামর্শ দিব বলে জানালাম। তারপরে বেশ কিছু হোমওয়ার্ক করলাম তার ডিপার্টমেন্ট নিয়ে, কেন অনেকের প্রোমশন বা পদন্বতি হয় কিন্তু জন এর হয়না। আজকের লেখাটি তার উপর। এবং জন এর মতন একই রকমের পরিস্থিতি আপনারও হতে পারে বলে আজকের লেখাটি তাদের জন্য যারা প্রমোশন পাবার জন্য চেষ্টা করছেন কিন্তু সেরকম ফলাফল পাচ্ছেন না। পদোন্নতি কি পুরষ্কার? সাধারণত আমরা ভাবি, যে পদে আমি কাজ করছি এবং যে কাজগুলোর দায়িত্ব আমাকে দায়িত্ব দেয়া হয়েছে- তা যদি মনোযোগ সহকারে সফলভাবে করি, তাহলে প্রমোশন হবার মাধ্যমে আমি তার “পুরষ্কার” পাব। আমরা অনেকেই পদোন্নতি কে একটি “পুরস্কার” হিসাবে ধরে নিই। এটাই সার্বজনিন ভাবে স্বীকৃত হলেও এই ধারণাটা একেবারেই ভুল। জনের সাথে কথা বলে মনে হল পদন্নতিকে সে এই রকমই একটি পুরষ্কার ধরে বসে আছে। আসলে পদন্নতি হল, আপনাকে যে নতুন পদে বসান হবে, তা আপনি কতটুকু করতে পারবেন বলে ম্যানেজমেন্টের লোকজন মনে করে। পদোন্নতি কখনই পুরষ্কার নয়, বরং নতুন পদে আপনি দায়িত্ব নেবার ব্যাপারে সবাই কতটুকু কনফিডেন্ট তারই ফলাফল হল পদোন্নতি।
পদোন্নতি: দুটি প্রক্রিয়া আমাদের কারো জন্য পদন্নোতি একটি স্টেপ বলে মনে হলেও আসলে এর মধ্যে দুটি প্রক্রিয়া বা স্টেপ রয়েছে। ১. একজনকে নতুন একটি জায়গায় পদোন্নতির মাধ্যমে নতুন জায়গায় বসতে হবে ২. তেমনিভাবে সেই লোকটি সরে যাওয়ার কারণে সেখানে যে শূণ্যস্থান তৈরি হলো সেখানে আরেকজনকে বসাতে হবে।
অনেক সময় এই শুন্যস্থানে যোগ্য কাওকে পাওয়া না যাওয়ার কারনে আমাদের পদন্নতি বিঘ্নিত হতে পরে। এছাড়া নতুন পদে নিয়োগ করার ক্ষেত্রে অনেক সময় বাহির থেকে নিয়োগ দেবার প্রবণতা বেশী থাকে। তাই বাহিরে প্রার্থী থেকে আমি যে আরো ভালো, আমাকে সে যোগ্যতা প্রমাণ করতে হবে। তাই পদন্নতির ক্ষেত্রে দুটি শর্ত বা প্রক্রিয়া যুক্ত, ১. আমি যে আমি যে পথে যেতে যেতে চাচ্ছি, সেটাতে আমাকে যোগ্যতা প্রমাণ করতে হবে ২. আমার পদোন্নতির কারনে যে শূণ্য স্থানটি তৈরি হবে, সেখানে একজন যোগ্য প্রার্থিকে বসাতে হবে যে আমার কাজ ও প্রোজেক্টগুলিকে আমার মতনই সফলভাবে নিয়ে যেতে পারবে। এই দুটি শর্ত ও প্রক্রিয়া যদি ঠিকমত না হয় তাহলে কিন্তু পদোন্নতি হবে না। সুতরাং আমি ভালো কাজ করলেই সেই কাজের স্বীকৃতি পাব এবং আমি সামনে এগিয়ে যাব তা কিন্তু নয়। প্রমোশন মানে কিন্তু পুরস্কার নয়, প্রমোশন মানে হলো আমি যে স্থানে যেতে চাচ্ছি যে পদটিতে আমাকে পদোন্নতি করা হবে সেই স্থানের জন্য আমি যোগ্য বলে সবাই মনে করে কিনা এখানে হিউম্যান রিসোর্স বা ম্যানেজার শুধু একাই সিদ্ধান্ত নেয় না, তারা আরো অনেকের সাথে কথা বলে নেয়। এইক্ষেত্রে সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে পুরো প্রতিষ্ঠানের যেন ঠিকমতন সব কিছু ব্যালেন্স বা ভারসাম্য হয় সেইভাবে সিদ্ধান্ত নেয়া হয়। আমি নিজেকে কোন নতুন পদের জন্য নিজেকে কেমন যোগ্য মনে করি এর থেকে সবাই (বিশেষ করে ম্যানেজমেন্ট টিম) আমাকে কি মনে করে তাই গুরুত্বপূর্ণ। কেন পদোন্নতি হয় না? অপনি অনেক যোগ্য বরে মনে হলেও আপনার পদোন্নতি হচ্ছেনা। তার একটি কারণ হতে পারে যে, আপনার পদোন্নতির ফলে আপনার বর্তমান যে পদটি শূন্য হবে - সেই স্থানে কাউকে বসানো যাচ্ছেনা বা পাওয়া যা্চ্ছেনা। সেই বিশেষ পদে বিশেষ কাজগুলি শুধু আপনিই পারেন, কিছু গুপ্ত বিদ্যা আপনি অর্জন করেছেন যা কাউকে দিচ্ছেন না। ফলে সেই পজিশনে আপনাকে পরিবর্তন করা যাচ্ছে না। ফলশ্রুতিতে সেই পদ থেকে আপনাকে বের করে নিয়ে আনা যাচ্ছেনা এবং তার ফলাফলসরূপ আপনার প্রমোশন হচ্ছেনা। অনেক সময় কর্মক্ষেত্রে একটি পদে একজনের একচ্ছত্র দাপট দেখা যায়। বিশেষ আলমিরা এর চাবি তার কাছেই থাকে, কিংবা তার সাইন ছাড়া কোন কাজ হচ্ছেনা। আপাতত দৃষ্টিতে সেই পদে থাকা মানুষটি মনে একধরনের প্রয়োজনীয়তা বোধ করতে পারেন। তার মনে হতে পারে যে, সেই লোকটি প্রতিষ্ঠানে তার কত্ত গুরুত্ব, তাকে ছাড়া কিছুই হয়না। কিন্তু আসলে সেই পদে সে যে অসার হয়ে গেছে তা বুঝতে পারছেনা। আপনার পদের জন্য কাউকে দক্ষ করে তুলুন: আপনি যদি প্রমোশন পেয়ে সামনে এগিয়ে যেতে চান, তবে আপনার পজিশনে অন্য কাউকে দক্ষতা করে তুলতে হবে। সেই জন্য এই কাজগুলি করতে পারেন, ১. আপনার কাজগুলির ভালো ডকুমেন্ট তৈরী করুন। কোন কাজটি কিভাবে করেন, তা লিপিবদ্ধ করে রাখুন, যেন যে কেউই সেই ডকুমেন্ট পড়ে আপনার কাজগুলি করতে পারেন। ২. ট্রেনিং দিন আপনার অধিনস্তে যারা কাজ করছেন তাদের দক্ষ করে তুলুন । এর ফলে পরবর্তিতে তারা আপনার জায়গাটি নিতে পারে। ৩. সহকর্মিদের আপনার কাজগুলি কিভাবে করেন তার ট্রেনিং দেন। ৪. কাউকে তৈরী করেন, যিনি আপনার কাজগুলি করতে পারেন। তিনি যদি না পারেন, তবে অন্য কাউকে গড়ে তুলুন।
অনেকে মনে করেন যে এর ফলে আপনি চাকুরি হারাতে পারেন। অন্য কোন ক্ষেত্রে কিছু কিছু সময় যদিও এটি সঠিক, তবে বড় কর্পোরেটে যদি আপনি প্রমোশন পেয়ে এগিয়ে যেতে চান, তবে আপনার স্থানে কাউকে বসানোর জন্য লোক লাগবেই। কেননা আপনাকে প্রোমশন দিলে আপনি যেমন ভাবে নতুন জায়গাতে কাজ শুরু করবেন, তেমনিভাবে আপনার জায়গাটিও শুন্য হবে। সেই পদে অন্তত বসাতে হবে, নতুবা সেই পদের কাজগুলি স্থবির হয়ে যাবে। বড় কর্পোরেটে এই ব্যাপারটি মাথায় রাখা হয়। এর মধ্যে ডকুমেন্ট করাটা খুব জরুরী। আমার এই লেখাতে এই ডকুমেন্ট করাটির প্রতি খুব জোর দিচ্ছি। আপনার প্রতিদিনের জীবনে কোন কিছু যদি আউটপুট না হয়, তবে সেটি একটি শুন্য দিন। সেই দিনের কোন গুরুত্ব নেই। সেই দিনে আপনি যদি নতুন না কিছু শিখেন, তবে সেই দিনটি না ঘটলেও হোত। একটি ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করি। আমি প্রজোক্ট ম্যানেজার হিসাবে একটি প্রজেক্টে কাজ করছিলাম। সেই প্রোজেক্টের কিছুই তেমন ভাবে লিপিবদ্ধ করতাম না। সব কিছুই হত আমার মাথায়। এরপরে যখন আমি অন্য প্রোজেক্টে যোগ দিতে চাইলাম তখন ম্যানেজমেন্ট টিম বলল, আমার কাজ কেউ বুঝে নিতে পারবে কিনা। আমি যেহেতু ডকুমেন্ট করিনি, তাই কেউ দায়িত্ব নিতে চাইলনা। ব্যাপারটা আমার জন্য বেশ শিক্ষনীয় ছিল। এর পরে আমি আমার কর্মপন্থা পরিবর্তন করলাম। গ্রহণ করলাম backlog.com এর মতন একটি সিস্টেম। সেটাতে সব কিছু সুন্দর করে লিপিবদ্ধ করে রাখলাম। কিভাবে প্রোজেক্টের প্লানিং হল, মিটিং এ কি কি সিদ্ধান্ত গ্রহণ হল থেকে সব কিছু। এর পরে যখন আমি অন্য প্রোজেক্টে যেতে চাইলাম তখন আমাকে বেগ পেতে হয়নি। আমার এক সহকর্মী যিনি আমার সাথে কাজ করতেন, তিনি জানতেন আমি কিভাবে ডকুমেন্ট করি। ফলে তিনি আমার প্রোজেক্টটি নিতে আগ্রহী হলেন। বড় কর্পোরেটে গুপ্ত বিদ্যা থাকলে ভালো বলে অনেকে মন্তব্য করে। অনেকে বলে যে এর ফলে প্রতিষ্ঠানে গুরুত্ব বাড়ে। তবে আমার মতামত হল গুপ্ত বিদ্যা আপনাকে জড়তা আনতে পারে। কাজ করুন ট্রান্সপারেন্ট ভাবে। যে টিমে কাজ করছেন সেই টিমের সকল সদস্য যেন বুঝতে পারে কি কি নিয়ে আপনি কাজ করছেন। গুপ্ত বিদ্যা এর মতন গোপনীয় ব্যাপার হয়তো আপনার প্রোমশনের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে যারা একটি পদেই আজীবন কাজ করে যেতে চান, সেই ক্ষেত্রে গুপ্ত বিদ্যা হয়তো ভূমিকা রাখতে পারে। তবে তা প্রতিষ্ঠানের জন্য ভালো নয়।