মশিউরের খেরোখাতা

যায় যায় দিন (২০০৭)

যায়যায়দিন বাংলাদেশ থেকে প্রকাশিত বাংলা ভাষার একটি পরিচিত সংবাদপত্র, যার যাত্রা শুরু হয়েছিল সাংবাদিক শফিক রেহমানের হাত ধরে। শফিক রেহমান ১৯৮৪ সালে এটিকে সাপ্তাহিক পত্রিকা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। আশির দশকের শেষদিকে এরশাদবিরোধী আন্দোলনে এই সাপ্তাহিক পত্রিকাটি বেশ আলোচিত ভূমিকা রাখে, যার ফলে তৎকালীন সরকার সম্পাদক শফিক রেহমানকে দেশত্যাগে বাধ্য করে এবং পত্রিকাটিও বন্ধ করে দেওয়া হয়। ১৯৯১ সালের জাতীয় নির্বাচনের পর পত্রিকাটি আবার প্রকাশিত হতে শুরু করে। এরপর কয়েক দফা রূপ বদলে ১৯৯৯ সালে এটি প্রথমবার দৈনিক ট্যাবলয়েড আকারে প্রকাশিত হয়, তবে পাঠকপ্রিয়তা কম থাকায় তা বন্ধ করে সাপ্তাহিক প্রকাশনায় ফিরে যাওয়া হয়। অবশেষে ২০০৬ সালে পত্রিকাটি নতুন আঙ্গিকে পুনরায় দৈনিক হিসেবে প্রকাশ শুরু করে, এবং এই সময়ে এটি বাংলাদেশের সংবাদপত্র জগতে বেশ আলোড়ন সৃষ্টি করেছিল।