ক্ষমা কর
মশিউর রহমান
ফেলানি তোমার মৃত্যু আমাকে লজ্জায় নতজানু করে ফেলে।
সীমান্তে তোমরা কেমন ছিলে?
কেমন করে তোমরা জীবন চালাচ্ছিলে?
আমরা শহরের লোকেরা, তার কোন খবরই রাখিনি।
জ্যামে ভরা শহরে, বাসে ঝুলে থাকার কষ্টটাই বড় করে দেখেছি,
অথচ কি কষ্টেই না মৃত্যুর শেষ ৪টি ঘন্টা তুমি কাঁটাতারে ঝুলে ছিলে।
তোমার মৃত্যুর কারণ উৎঘাটনের জন্য,
আমরা কোন বিশেষ কমিটি গঠন করিনি।
বুদ্ধিজীবিরা আর পেষাদার কলাম লেখকরা
বুদ্ধিদীপ্ত কোন কারণ অনুসন্ধান করেনি।
তোমার মৃত্যুর পরে,
আমরা তোমার কবরে
কোন শহীদ মিনার গড়ে তুলিনি।
সেখানে টিভির ক্যামেরা সামনে
কালো, সাদা কিংবা লাল রঙয়ের
রঙীন নেতাদের ভীড় করতেও দেখিনি।
ফেলানী তোমার মৃত্যুর পরে -
আরো অনেকেই সীমান্তে টুপ-টাপ করে ঝড়ে পড়েছে
মরছে, মারখাচ্ছে অনেকেই কাটাতারে, নদীতে আর মাঠে।
আমরা তাদের মৃত্যু বন্ধ করতে পারিনি।
ফেলানি তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়।
সিঙ্গাপুর, কবিতা পাঠের আসরে
১ মার্চ ২০১২