জাপানের নববর্ষের কার্ড
জাপানের শুভ নববর্ষের কার্ড
প্রতিটি দেশেরই নিজস্ব কিছু সাংস্কৃতিক বৈশিষ্ট্য রয়েছে। এ সমস্ত বৈশিষ্ট্য দিয়েই সেই সমাজের কৃষ্টি সংস্কৃতির পরিষ্ফুটন ঘটে থাকে। জাপানের যে বিশেষ সাংস্কৃতিক বৈশিষ্ট্য আমার দৃষ্টি কেড়েছে তা হল নববর্ষের কার্ড।
জাপানে ১লা জানুয়ারিকে নতুন বছরের দিন হিসাবে পালন করা হয়। যদিও প্রাচীন কালে এদেরও আমাদের মত ১৪ই এপ্রিল থেকে বাংলা ক্যালেন্ডারের মত একটা বর্ষপঞ্জি ছিল। সাধারণত ফসল কাটার উপর নির্ভর করে তৈরি হয়েছিল সেই বর্ষপঞ্জি।
জাপানে ঠিক কবে থেকে এই নববর্ষের কার্ড প্রচলন হয়েছিল তা বলা বেশ কঠিন। তবে হেইয়ান যুগের শাসন আমল (৭৯৪ থেকে ১১৯২) এর সময়ে রাজপরিবারদের মধ্যে এই নববর্ষের কার্ডের প্রচলন দেখা যায়। এডো শাসন আমলে (১৬০৩ থেকে ১৮৬৮) এর সময়ে সাধারণ মানুষেরাও বর্ণমালা লেখা শিখতে থাকে এবং নববর্ষের কার্ডেরও প্রচলন দেখা যায়। মেইজি শাসনামলে ১৮৭৩ সালে সরকারি পোস্ট অফিসে নববর্ষের কার্ড বিক্রয় শুরু হয়। সরকারি পোস্ট অফিসে ১৯০৫ সালে প্রায় ১০ লক্ষ কার্ড বিক্রয় হয়। ১৯৪৯ সালে এই কার্ডের সাথে লটারির ব্যবস্থা হয়। লটারির পুরস্কার হিসাবে দেওয়া হয় সেলাই মেশিন, রেডিও, টিভি ইত্যাদি।
সাধারণ নববর্ষের কার্ডগুলি অনেকটা পোস্টকার্ডের মত। জাপানিরা তুলি দিয়ে হাতে লিখে নতুন বছরের শুভেচ্ছা লিখে। তবে সবথেকে বেশি পরিচিত কথা হল "আকেমাসতে ওমেদেতো গোজাইমাস" যার অর্থ হল "নতুন বছরের শুভেচ্ছা"। আধপরিচিত থেকে শুরু করে খুব পরিচিত সবাইকেই তারা নববর্ষের কার্ড উপহার দেয়। এমনকি কয়েক বছর দেখা না হলেও তাকে কার্ড উপহার দেওয়ার রীতি জাপানে। এর ফলে ব্যক্তিগত যোগাযোগ বজায় থাকে। সবথেকে বেশি সুবিধা হয় একে অপরের নতুন ঠিকানা জানার জন্য।
সরকারিভাবে এই কার্ড বিক্রয় শুরু হয় ডিসেম্বর থেকে। তবে আগে পোস্ট করলেও গ্রাহকের কাছে ১লা জানুয়ারিতে পৌঁছে দেয় ডাক বিভাগ। রাস্তার পাশের ছোট পোস্ট বক্সে বিশেষ বাক্সের ব্যবস্থা থাকে। প্রতিটি কার্ডের সাথে একটি লটারির ব্যবস্থা থাকে। সাধারণত ১৫ই জানুয়ারি ডাক বিভাগ এই লটারির ব্যবস্থা করে থাকে। সবথেকে বড় পুরস্কার থাকে আন্তর্জাতিক ভ্রমণের টিকিট। এছাড়া বিভিন্ন মূল্যবান পুরস্কার দিয়ে থাকে। মোট প্রায় লক্ষাধিক জন পুরস্কার পেয়ে থাকে।
প্রতিবছর বছরের একটি বিশেষ প্রতীকের মাধ্যমে বছরকে উৎযাপন করা হয়। জাপানে বছরকে চিহ্নিত করা হয় চীনা রাশিচক্রের প্রাণী দিয়ে। এই বছরের প্রতীক হল খরগোশ। নববর্ষের কার্ডে এই প্রতীকের ছবিও থাকে। কিশোর কিশোরীরা নিজে ডিজাইন করে কার্ড উপহার দিয়ে থাকে। অনেক সময় নিজের ছবি লাগিয়েও কার্ড উপহার দিয়ে থাকে। ডিসেম্বরে বড় বড় ডিপার্টমেন্টগুলিতে নববর্ষের কার্ডের ডিজাইনের সামগ্রী পাওয়া যায়।
তয়োহাসি ২০০১