সিঙ্গাপুরের ম্যাজাই

তারিখ নেই · 2 মিনিটের আনুমানিক পাঠ

কলেজে হান্নান স্যার পড়াতেন O. Henry  এর সেই বিখ্যাত “The Gift of the Magi”। মেজাই এর উচ্চারণটি নিয়ে খুব কসরত করতে হোত আমাদের। ভুল উচ্চারণ করে স্যারের হাতে কত্তো যে মার খেয়েছি। কৌশরের সেই স্মৃতি এখনও উজ্জ্বল।

কিন্তু সেই মেজাই যেন গতকালকে এক অন্যরূপে দেখা দিল আমার কাছে। গতকাল সিঙ্গাপুর প্রবাসী ঝিনাইদহ ক্যাডেট কলেজের বাতেন ভাইয়ের ছেলের বিয়ের অনুষ্ঠান ছিল। গেলাংয়ে অনুষ্ঠিত সেই বিয়েতে মোটামুটি সকল ক্যাডেট ভাইদের দেখা গেল। বাতেন ভাই ভীষন রকমের মাই-ডিয়ার টাইপ। মোটামুটি সিঙ্গাপুরের সকল বাংলাদেশীদের দাওয়াত দিয়েছিলেন। অনেক লোকজন তাই বুফে স্টাইলেই খাবার দেয়া হচ্ছিল। আমরা দীর্ঘ লাইনে দাড়িয়ে, খাবার নিয়ে এনে, আমাদের টেবিলে বসে পড়েছিলাম।

একটু পরে দেখি কোয়েন ভাই হাজির- কিন্তু হাতে দুটি প্লেট। অপরটি অবশ্যই ভাবির জন্য। আমরা মোটামুটি সবাই বৌকে বাদ দিয়ে নিজেই নিজের প্লেট নিয়ে বসে পড়েছিলাম বলে একটু খারাপ লাগলো। আমরা সবাই ভাবির প্রতি কোয়েন ভাইয়ের এই ভালোবাসা-কে উচ্ছসিত প্রশংসা করলাম। এই না হলে স্ত্রী’র সকল ব্যাপার খেয়াল রাখা - “আদর্শ স্বামী”।

তবে টাসকি লাগলো একটু পরে। যখন দেখি ভাবিও ভাইয়ের কথা ভেবে - দুটি প্লেট নিয়ে হাজির। এ যেন সেই মেজাই এর আরেকটি রূপ। দুজনেই দীর্ঘ লাইনে দাড়িয়ে - অপরজনের কথা ভেবে তারও খাবার প্লেটটি নিয়েছে।

প্রবীন বয়সে স্বামীর প্রতি স্ত্রীর, এবং স্ত্রীর প্রতি স্বামীর এমন ভালোবাসা খুবই বিরল। কোয়েন ভাই ও ভাবি যেন এমন ভালোবাসা আজীবন অটুট রাখতে পারে - সেই দোয়া করি আল্লাহ তায়ালার কাছে।

২ অক্টোবর ২০২২