ড্রাইভিং লাইসেন্স

তারিখ নেই · 3 মিনিটের আনুমানিক পাঠ

আমেরিকা থেকে আসার পরেও আমি বেশ কিছুদিন আমেরিকার ড্রাইভিং লাইসেন্সটিই ব্যবহার করতাম। জাপান ও আমেরিকাতে গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকলেও বাংলাদেশে ড্রাইভিং করতে এসে বেশ বেগ পেতে হয়েছিল। প্রথম কয়েকদিন বেশী cultural shock খাবার মত অবস্থা। কোন ভাবেই বুঝে উঠতে পারছিলাম না এইখানে কিভাবে সবাই ড্রাইভিং করে। তাও আবার আমার নতুন গাড়ি, তার মায়া তো অন্যরকম। প্রথম কিছুদিন সবাইকে সাইট দিতে দিতে চালালাম। কিছুদিন পরে আবিষ্কার করলাম এইখানে অলিখিত কিছু নিয়ম সবাই মেনে চলে। সেই অলিখিত নিয়মগুলি রপ্ত করলেই হল। যেমন মনে করা যাক হোটেল রাডিসনের সামনে জিয়া কলোনির ক্যান্টনমেন্টে আপনি গাড়ি ঢুকাতে যাচ্ছেন তখন যদি জ্যাম থাকে তবে দেখবেন আপনি অনেকক্ষণ অপেক্ষা  করছেন অথচ পিছন থেকে ড্রাইভাররা আপনাকে একদম গেটের কাছে সামনে দিয়ে ঢুকে যাবে। এমন ভাবে গাড়িটা রাখবে যে আপনি ঢুকতেই পারবেননা। কিছুদিন পরে আমিও সেই অলিখিত নিয়মগুলি রপ্ত করে নিলাম। কিছুদিন পরে আমার এক কলিগ আমার গাড়িতে উঠে অবাক হয়ে বললেন, মশিউর ভাই তো বাংলাদেশের হাল চাল ভালই রপ্ত করেছেন। উল্লেখ্য যে এর মধ্যে আমার গাড়ির সাথে আসা হর্ণটি পরিবর্তন করে নিয়েছি। জাপানি গাড়ির সাথে যে হর্ণটি ছিল তা দিয়ে কোন কাজ হোত না। রিকসা গুলি সেই শব্দ কানেই নিত না। পরে ভাল পাওয়ারের (!‍) হর্ণ লাগিয়ে নিয়েছি। এখন দেখি কাজে দিচ্ছে, রিকসারা সালাম দিয়ে সরে দাড়ায়। এই হল বাংলাদেশী স্টাইল।

যাই হোক, সিদ্ধান্ত নিলাম যে বাংলাদেশে ড্রাইভিং লাইসেন্স তুলব। আমাদের BRTC এর সুনাম তো আপনারা জানেন। ঠিক করলাম কোন ঘুষ দিবনা। সরকারি ভাবেই কোন দালাল ছাড়া ড্রাইভিং লাইসেন্স তুলব। আমার ছোট ভাই চ্যালেঞ্জ দিয়ে বলল, ভাইয়া এটি তুমি পারবেনা। যাই হোক আসলে যেটি ভেবেছিলাম তা নয়। সরকারি নিয়মেই আমার আমেরিকার ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে একটি পরীক্ষার তারিখ পেলাম। লিখিত ও মৌখিক পরীক্ষা ভালমতই সম্পন্ন হল এবং আমি অর্তমানে অস্থায়ী ড্রাইভিং লাইসেন্স পেয়েছি। দুই মাস পরে আমার আসল ড্রাইভিং লাইসেন্সটি পাব। কোন দালাল নয়, নিজে সরাসরি লাইনে দাড়িয়ে সব কাজ সম্পন্ন করেছি। আসলে আমার কাছে মনে হয়েছে, আমরাই মূলত এই দালাল শ্রেণীটি তৈরী করেছি কাজগুলি শর্টকাট করার জন্য। পরিচিত অনেকেই দেখেছি এইভাবে লাইনে দাড়িয়ে থাকে দ্বিধা বোধ করেন এবং সেই কাজটি দালালদের দিয়ে সম্পন্ন করেন। কিন্তু আমেরিকাতেও দেখেছি একইভাবে লাইন দিয়েই কাজ সারতে হত বরং সেইখানেই আমি বেশী বুরোক্রেসি দেখেছি।

১৩ মে ২০১০