আমরাও কি ব্যাঙের মতোই চিন্তা করি?
লেখা: মশিউর রহমান
তারিখ: ২২ ফেব্রুুয়ারী ২০২৬
অনেক বছর আগে একটি ব্যাঙ বাস করত একটি কুয়োর তলায়। তার চারপাশে ছিল কয়েকটি ছোট কাঁকড়া, শামুক আর কিছু ক্ষুদ্র ব্যাঙ। এই ছোট্ট জগতে সে ছিল তুলনামূলকভাবে বড়, তার ডাক শুনে অন্যরা সরে যেত। ধীরে ধীরে ব্যাঙটির মনে জন্ম নেয় এক ধরনের আত্মবিশ্বাস—সে-ই বুঝি সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী প্রাণী। কুয়োর তলা থেকে তাকিয়ে সে যে আকাশ দেখত, তা ছিল কেবল কুয়োর মুখের সমান একটি গোল অংশ। ধীরে ধীরে সে বিশ্বাস করতে শুরু করল—আকাশের বিস্তৃতি বুঝি এতটুকুতেই সীমাবদ্ধ।
একদিন প্রবল বৃষ্টিতে কুয়ো ভরে উঠল। পানির স্রোতে ভেসে ব্যাঙটি কুয়োর বাইরে চলে এল। নতুন পরিবেশেও সে আগের মতোই মাথা উঁচু করে চলছিল—নিজের কর্তৃত্ব দেখানোর ভঙ্গিতে। কিন্তু সামনে কী আসছে, সে দিকে তার দৃষ্টি ছিল না। হঠাৎই একটি ষাঁড়ের সামনে পড়তেই মুহূর্তের মধ্যে ভেঙে পড়ল কুয়োর ভেতরে গড়ে তোলা তার সব ধারণা। যে আকাশকে সে এতদিন পূর্ণ বাস্তবতা ভেবে নিয়েছিল, তা যে আসলে বাস্তবতার এক ক্ষুদ্র অংশমাত্র—এই উপলব্ধি আসতে আসতেই সবকিছু তার কাছে অর্থহীন হয়ে গেল।
এই গল্পটা আসলে আমাদের নিজেদের কথাই বলে। আমরাও অনেক সময় আমাদের ছোট্ট অভিজ্ঞতার গণ্ডির ভেতর দাঁড়িয়ে পুরো পৃথিবীকে বিচার করি। যে সমাজে আমরা থাকি, যে মানুষগুলোর সঙ্গে মিশি, যে খবরগুলো আমরা প্রতিদিন দেখি—সেগুলোকেই ধরে নিই পুরো বাস্তবতা। ফলে খুব সহজেই আমরা সিদ্ধান্ত টেনে ফেলি—সমাজ এমনই, মানুষ এমনই, পৃথিবী এমনই। কিন্তু আমরা খুব কমই নিজেদের প্রশ্ন করি—আমরা যা দেখছি, তা কি সত্যিই পুরো চিত্র?
মানুষের বড় একটি সীমাবদ্ধতা হলো—আমরা সহজে যে অভিজ্ঞতাগুলো মনে করতে পারি, সেগুলোকেই ‘স্বাভাবিক সত্য’ বলে ধরে নিই। প্রতিদিন একই ধরনের গল্প শুনতে শুনতে আমাদের চিন্তার পরিসর ধীরে ধীরে সংকীর্ণ হয়ে আসে। কুয়োর ব্যাঙ যেমন কখনো ভাবেনি কুয়োর মুখের বাইরেও বিশাল আকাশ আছে, তেমনি আমরাও অনেক সময় ভাবি না—আমাদের জানা-বোঝার বাইরেও আরও বড় এক বাস্তবতা রয়েছে।
আসল শিক্ষা হলো—এক জায়গায় দাঁড়িয়ে শুধু ওপরের দিকে তাকিয়ে থাকলেই পৃথিবীকে বোঝা যায় না। দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে হয়। ভিন্ন মানুষ, ভিন্ন অভিজ্ঞতা, ভিন্ন মতামতের সঙ্গে নিজেকে যুক্ত করতে হয়। শিখতে থাকার মানসিকতা ধরে রাখতে হয়। কারণ আমরা যে ‘আকাশ’ দেখি, তা সব সময়ই বাস্তব আকাশের তুলনায় ছোট।
আমাদের সীমাবদ্ধতা আসে অক্ষমতা থেকে নয়, আসে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি থেকে। দৃষ্টিভঙ্গি বদলাতে পারলেই বদলাতে শুরু করে আমাদের চিন্তাভাবনাও।
