আমরা বিশ্ব থেকে প্রায় ৮ বছর পিছিয়ে থাকি
অনেক আগে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে একটি ক্লাশে আমি হটাৎ করেই কমেন্ট করেছিলাম আমাদের দেশে বহির্বিশ্বের প্রযুক্তিগুলি ৮ বছর পরে আসে। সেটি VoIP এর ক্লাশ ছিল বলে মনে হয় সেটি প্রসঙ্গেই বলেছিলাম। পরে আমার এক ছাত্র (এই মুহুর্তে নামটি মনে পড়ছে না, বর্তমানে অস্ট্রেলিয়াতে থাকে) সে বেশ কয়েকদিনে পরে বলেছিল, আসলে এই ৮ বছর প্রায় সমস্ত প্রযুক্তির ক্ষেত্রেই এই কথাগুলি খাটে। যখন অন্যান্য দেশে প্রযুক্তিগুলি ইতিমধ্যেই প্রয়োগ করা হয়, তারপরে আমাদের টনক নড়ে।
সেই হিসাবে এই খবরটি পড়ে আমার সেই ৮ বছরের তত্ত্ব এর মিল পাচ্ছি। কেননা আজ থেকে ৮ বছর আগে ২০১৩ সনে এটি নিয়ে প্রচুর কাজ হয়েছে। যে সেন্সরগুলির কথা বলা হচ্ছে তা আলিবাবাতেই পাওয়া যায়। সেইগুলি সংযোগ করে একটি IoT ডিভাইস তৈরী করতে আর প্যাটেন্ট ও মিডিয়াতে আসা লাগেনা। এটা আহামরি তেমন কিছুই নয়। কেননা ইতিমধ্যেই এই মডেলগুলি সব দেশেই প্রয়োগ হয়ে গেছে।
২০১২ তে আমি নিজেই সিঙ্গাপুরেই বেশ কিছু স্টার্ট আপ দেখেছিলাম যারা এইগুলি নিয়ে কাজ শুরু করেছিল। বর্তমানে স্টার্টআপ এর যুগ অতিক্রম করে এই সলিউশনগুলি ইতিমধ্যেই mature হয়ে বাণিজ্যিক সলিউশন হিসাবেই কাজ করছে। মালেশিয়া, ভারত ও ভিয়েতনামে প্রচুর প্রতিষ্ঠান রয়েছে।
বাংলাদেশের মিডিয়াতে যারা লিখেন তারা খোঁজ খবর না নিয়েই হৈ চৈ করে। আর আমাদের দেশে অনেক কিছু অতিরঞ্জিত করে লেখা হয়। কিছুদিন আগে শাহজালালে নাকি ৫ মিনিটেই ক্যান্সার সনাক্ত সম্ভব বলে হৈচৈ হয়ে গেল আর সেইগুলির সাথে যখন খুব নামকরা বিজ্ঞানীদের দেখি তখন তাদের দক্ষতা নিয়ে প্রশ্ন আসে।
শেষ কথা হল, মিডিয়াতে এই সব লেখালেখির একটি প্যাটার্ন আমি দেখেছি,
-
আবিষ্কারগুলি হয় কোন ছাত্র/ছাত্রীর বিশ্ববিদ্যালয়ের সাথে যাদের ইন্ডাস্ট্রি সমন্ধে সত্যিকারের ধারনা কম
-
তারা তাদের প্রোফেসরদের সাথেই একটা নিউজ কনফারেন্স করে
-
কোন কনফারেন্সে তারা তাদের গবেষনা প্রেজেন্ট করে
-
নামকরা কোন জার্নালে সেগুলি পাবলিশ করা হয়না। (যে কোন জার্নালের পরিমাপ করার জন্য impact factor গুগল করলেই জানা যায়)
-
সেই কাজগুলিকে ফেরিফাই করার জন্য ইন্ডাস্ট্রির কাউকে সংযুক্ত করা হয়না, সবসময়ই সরকারি প্রতিষ্ঠান বিশেষ করে মন্ত্রী কিংবা এমপি দের সংযুক্ত করা হয়
-
বাংলাদেশের প্যাটেন্ট সাবমিট এর ব্যাপারটা একটু অপরিষ্কার। যে কেউ টাকা দিলেই চায়ের কাপের উপরেই প্যাটেন্ট করতে পারে। তাদের লোকবল ও দক্ষতা নিয়ে সমস্যা আছে।
-
আবিষ্কার গুলিকে এমনভাবে প্রকাশ করা হয় যেন তা পৃথিবীকেই পরিবর্তন করে দিবে
-
দুই বছর পরে সেগুলির কথা সবাই ভুলে যায়। (বেশীরভাগ ক্ষেত্রেই কয়েক মাস থেকে ১ বছর পরে সেই উৎসাহ হারিয়ে ফেলে)
এইরকম একটা প্যাটার্ন আমি দেখেছি। তাই এখন আমি আর অবাক হয়না।
(উপরোক্ত লেখাটি স্বপনকে লেখা একটি চিঠির অংশ বিশেষ)
তারিখ ২৮ ডিসেম্বর ২০২১